দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে উপজেলা পর্যায়ের দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- বরিশাল দক্ষিণ জেলার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান নান্নু এবং একই উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মাসুদ।
এর আগে গত মঙ্গলবার রাজবাড়ি, শরিয়তপুর ও মানিকগঞ্জের তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এরা সবাই স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিল।
তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী কার্যকলাপের জন্য নেতাদের বহিষ্কার করার কথা বলা হলেও জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী হওয়া অথবা দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করার কারণেই এসব নেতাদের বহিষ্কার করা হচ্ছে।
একই দিনে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে এক বছর আগে বহিষ্কার হওয়া নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা কাজী মোহাম্মদ মফিজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে।
রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ১২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)[/b]
রাজনীতি
বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির আরো ২ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে উপজেলা পর্যায়ের দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।





