২০ দলীয় জোটের শীর্ষ নেতা, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেছেন, গণতন্ত্রের সমাধির উপর ইয়াজিদের বংশধররা রক্তের নৃত্য করছে।

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসনে দালানের তাজিয়া মিছিলের প্রস্তুতি সভায় সন্ত্রাসীদের বোমা হামলায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুসলমান হিসেবে আমরা কিভাবে প্রতিবাদ করবো বুঝতে পারছি না।

একজন মুসলমান তার রক্তক্ষরণের কান্না নিয়ে মহানবী (সাঃ) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রহঃ) এর স্মরণ করতে গিয়ে যখন একসাথে মিলিত হয় সেই মুহুর্তে যারা বোমা হামলা করে তারা ইয়াজিদের বংশধর ছাড়া অন্য কেউ নয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, আমরা কোথায় যাচ্ছি? দুজন বিশিষ্ট বিদেশী নাগরিক খুন হওয়ার রেশ কাটতে না কাটতে রাজধানীতে পুলিশের এএসআই মোঃ ইব্রাহীম মোল্লাকে খুন করেছে, পল্লবীতে পুলিশের সোর্সের বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে।

নেত্রকোনার দুর্গাপুরে অরুন কুমার সাহাসহ তার স্ত্রী হেনা রাণীকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে, নাটোরের গুরুদাসপুরে দুর্গামন্দিরে দুর্বৃত্তরা হামলা করেছে, সারাদেশ জুড়ে হামলা-মামলা-খুন আর দলীয় সন্ত্রাস ছাড়া জনগণ গণতন্ত্রের কোন সুবাস পাচ্ছে না।

সামনে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনকে ঘিরে তৃণমুল পর্যায়ে সন্ত্রাসীরা নিজেদেরকে জাগিয়ে তুলেছে। মনে হচ্ছে যে যত ধ্বংসাত্মক কার্যক্রম করবে সে তত তাদের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

এভাবেই ভোটারবিহীন সরকারের রামরাজত্ব চলছে সর্বত্র। এইখান থেকে মুক্তি পেতে হলে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

গত ২৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য ক্বারী আবু তাহের, দপ্তর সম্পাদক মোঃ মুছা, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, মহিলা শাখার সদস্য সচিব দেওয়ান দিলরুবা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রায়হানসহ প্রমুখ।

সভায় ২০১৫ সালে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির সম্মেলন করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় দলকে আরো গতিশীল ও সুসংগঠিত করার জন্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে পার্টির সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা গঠনতন্ত্র বলে মনোনীত করেন।

এছাড়া তিনি পার্টির কাউন্সিল ২০১৫ সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করেন।

এসএইচ