বিএনপি-জামায়াত গুপ্ত হত্যার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, যখন পুলিশ গুপ্ত হত্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তখনই বিএনপি নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে। তারা প্রতিবাদ করছে, এটাই প্রমাণ করে বিএনপি-জামায়াত গুপ্ত হত্যার সঙ্গে জড়িত।
মঙ্গলবার (২১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি দলের নেত্রী ও তার দলের নেতাদের ঘুম নাই। তারা আজকে গুপ্ত হত্যা শুরু করেছে। আগে অগ্নি বোমা, অগ্নি সন্ত্রাস করে দেশের অগ্রগতিকে অবধমিত করার চেষ্টা করেছে, সেটি করে ব্যর্থ হয়ে এখন তারা গুপ্ত হত্যা শুরু করেছে।
তিনি বলেন, গুপ্ত হত্যার বিরুদ্ধে সংসদ নেতা প্রধানমন্ত্রী বলেছেন আমরা অগ্নি সন্ত্রাস যেমন বন্ধ করতে পেরেছি, তেমনি গুপ্ত হত্যাও বন্ধ করতে পারবো।
হাছান মাহমুদ বলেন, যখন পুলিশের অভিযান শুরু হল তখন বিএনপি নেত্রীর মাথা খারাপ হয়ে গেল। পুলিশ তো সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে, যারা গুপ্ত হত্যা করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। খালেদা জিয়া আর তার নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে তারা যেহেতু এইটার বিরোধীতা করছে। এটার মাধ্যমে প্রমাণিত হয়েছে, এ গুপ্ত হত্যার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। যেকারণে তারা আজকে প্রতিবাদ করছে।
তিনি বলেন, আজকে ক্রসফায়ার নিয়ে কথা হয়। যখন বোস্টনে বোমা হামলাকারী ইউএস সিকিউরিটি ডিপার্টমেন্টের হাতে নিহত হয়, তখন কোনো কথা হয় না। যখন প্যারিসে বোমাহালাকারী প্যারিস পুলিশের হাতে নিহত হয়, তখন কোনো কথা হয় না। ব্রাসেলসের রাজপথে যখন একজন সন্ত্রাসীকে পুলিশ প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে তখন কোনো কথা হয় না। তিনি বলেন, আমরা গুপ্ত হত্যা বন্ধ করবো, আবার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো না এটি হতে পারে না।
বাজেট আলোচনায় অংশ নিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী বারবার বাংলাদেশের স্বাধীনতাকে হনন ও লুণ্ঠন করার চেষ্টা করেছে। এ যাত্রটা শুরু হয়েছে অবৈধ সামরিক জান্তা জিয়াউর রহমানের শাসনামল থেকে। যারা আমাদের ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছে। মা-বোনের উজ্জত লুণ্ঠন করেছে। তাদের শুধু দেশে পুর্নবাসনও করেন নাই। জনগণের ভাগ্য নির্ধারণের নীতি-নির্ধারক বানিয়েছিলেন।
পরবর্তীতে তার সহধর্মিনী খালেদা জিয়া যিনি স্বাধীনতাযুদ্ধকালে তখন তিনি বাংলাদেশি হত্যার নেতৃত্বকারী জেনারেল জানজুয়ার রাষ্ট্রীয় অতিথি হিসেবে সমাদৃত হচ্ছিলেন। বিষয়টি আজও আমার কাছে পরিষ্কার নয়।
বাজেট আলোচনায় অংশ নেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ, তাজুল ইসলাম, সামসুল হক চৌধুরী, সৈয়দা সায়রা মহসিন প্রমুখ।
ওএফ





