বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, সরকার বিএনপির কোন প্রতিবাদ বা প্রোগ্রাম দেখলে সরকার আতংকিত হয়ে ওঠে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও কুটুক্তি, ও সারাদেশে অব্যহত গুম, খুন, নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
খোকা আরও বলেন, সরকার বিনা ভোটে নিজেদের নির্বাচিত প্রতিনিধি দাবী করলেও বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনে ভীত হয়ে এখন আর খোলা জায়গায় সমাবেশ করতে অনুমতি দেয় না। এরা পুলিশ দিয়ে আন্দোলন ধমিয়ে রাখতে চায়। এভাবে পৃথিবীর কোনো শাসক টিকে থাকতে পারেনি। আপনিও পারবেন না।
তিনি সরকার কে উদ্দেশ্য করে বলেন, বিরোধীদলের প্রতিবাদের ভাষাকে বন্ধ করে কেউ নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি। আপনি মানুষের গণতান্ত্রিক অধিকার বন্ধ করতে চাইলে আপনার পরিণতি ভালো হবে না। আমরা আপনার ক্ষতি চাই না, আমরা চাই আপনার শুভ বুদ্ধির উদয় হোক।
তিনি সরকারকে হুশিয়ারী উচ্চারন করে বলেন, আপনি জনগণের প্রতিবাদের ভাষাকে ন্যাক্কার জনক ভাবে বাধাগ্রস্ত করতে চাইলে চোরাগুপ্তা ভাবে এসব প্রতিবাদ আপনার জন্য নির্মম পরিনতি ডেকে আনবে। তখন আপনার পরিনতি হবে ভয়াবহ যা আমরা চাই না।
খালেদার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সেদিন যেভাবে মামলার চার্জ গঠন করা হয়েছে তা বিচারের নামে অবিচার করা হয়েছে। এটি একটি ফরমায়েশি অভিযোগ গঠন। এর মাধ্যমে সরকার বিচার বিভাগের ন্যূনতম স্বাধীনতাকে ভূলণ্ঠিত করেছে।
নেতা-কর্মীদের প্রতি আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা কোন স্বাভাবিক বিষয় না। এটি একটি চেতনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]