খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই স্পষ্ট করে বলতে চাই। শেখ হাসিনার কিছু হলে হুকুমের আসামি নয়, খালেদাকে সরাসরি প্রধান আসামি করা হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ঢাকার প্রথম মেয়র ও আওয়ামী লীগ নেতা মো: হানিফের ৮ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, ২-৩ দিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন-  বিদায়ের সময় শেখ হাসিনা ইন্নালিল্লাহ বলারও সুযোগ পাবে না। তার এই কথায় প্রমাণ হয়, খালেদারা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে এটা ২০১৪ সাল, ১৯৭৫ নয়। শেখ হাসিনার দিকে হাত বাড়ালে আপনাদের কালো হাত ভেঙ্গে দেয়া হবে। গুড়িয়ে দেয়া হবে।

খাদ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদের জনক তারেক রহমান এখনও লন্ডনে বসে জঙ্গিদের মদদ দিচ্ছে। তিনিই বাংলাদেশে জঙ্গিবাদের জনক। কোন বিএনপি নেতা যদি এ নিয়ে আমার সাথে চ্যালেঞ্জ করতে চায়, আমি করতে পারি।

ফখরুলের উদ্দেশে কামরুল বলেন, জনগণ কি চায়? তা মাপার ব্যারো মিটার আপনার হাতে নেই। আপনাদের সঙ্গে মানুষ নেই। জনগণকে নিয়ে আন্দোলন করতে গিয়ে ইতিপূর্বে ব্যর্থ হয়েছে। প্রয়োজনে আবারও চেষ্টা করে দেখতে পারেন। বাংলার মানুষ আর আপনাদের কথায় সাড়া দিবে না।

সংগঠনের সহ-সভাপতি ড. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোটেক বলরাম পোদ্দার, হাসিবুর রহমান মানিক, বিশিষ্টি অভিনেতা এ.টি.এম শামসুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

এমআর/ এআর