বাংলাট্রিবিউনে কল্যাণপুরে নিহত জঙ্গি রায়হানের সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, কোন তথ্য প্রমাণ ছাড়া নাম পরিচয়হীন তথাকথিত এলাকাবাসীর সুত্র দিয়ে বাংলাট্রিবিউনে উল্লেখ করা হয়েছে যে, রায়হান শিবির করতো। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রায়হানের সাথে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক ছিলনা। পরিকল্পিত ভাবে জঙ্গিবাদের সাথে জড়ানোর অপকৌশলের অংশ হিসেবেই উদ্দেশ্যে প্রণোদিত ভাবে এ প্রতিবেদনে ছাত্রশিবিরের নাম উল্লেখ করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জঙ্গিবাদ বা কোন প্রকার উগ্রপন্থায় ছাত্রশিবির বিশ্বাস করেনা এবং আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। তবুও ঘুরিয়ে ফিরিয়ে জঙ্গিবাদের সাথে ছাত্রশিবিরকে জড়ানো হলুদ সাংবাদিকতা ছাড়া কিছু নয়।  

নেতৃবৃন্দ বলেন, জঙ্গিবাদ বাংলাদেশের এখন এক ভয়াবহ সমস্যা। সুতরাং এটি নিয়ে তামাশা করা অনৈতিক। আমরা বাংলাট্রিবিউনসহ সকল গণমাধ্যমকে খবর প্রকাশের আগে তার বস্তুনিষ্ঠতার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আহবান জানাচ্ছি।

নেতৃবৃন্দ এ ধরণের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিবেদক ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

এফএফ