বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখন মৃত। এই গণতন্ত্রের জন্য জনগণ ‘৭১ এর মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পরে আজ আবার গণতন্ত্র মৃত। এভাবে দেশ চলতে পারে না, অচিরেই এর বিরুদ্ধে জনগণ আন্দোলন করবে।
শুক্রবার দুপুরে স্বাধীনতা ফোরাম আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহান বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। জনগণের ওপর এর প্রভাব সঙ্গে সঙ্গে পড়বে না। ধীরে ধীরে এ প্রভাব পড়া শুরু করবে। এই সরকার এই প্রজন্মকেই ধ্বংস করছে না, আগামী প্রজন্মকেও ধ্বংস করছে।
আওয়ামী লীগ দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায় উল্লেখ করে ড. মঈন খান বলেন, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। এই অত্যাচারী জালিম সরকার জনগণের কন্ঠ চেপে ধরে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ এর প্রতিরোধ করছে। বাংলাদেশের শান্তিকামী মানুষ অচিরেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং তাদের ভোটের অধিকার নিশ্চিত করবে।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, এবিএম মোশাররফ হোসেন, সাব্বির আহমেদ প্রমুখ।
এমএইচ





