বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, যতই ষড়যন্ত্র আর চক্রান্ত হোক না কেন, বিএনপি কোনো চক্রান্তের কাছে মাথা নত করবে না। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিগত দিনের মত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাবে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধার, আমার দেশ প্রকাশ, মাহমুদুর রহমানের মুক্তি ও বাক স্বাধীনতা রক্ষার দাবীতে পেশাজীবী সমাবেশে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
বিএনপির সমালোচকদের জবাব দিয়ে ব্যারিস্টার রফিক আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর যারা বলেছিলেন বিএনপি আর ঘুরে দাড়াতে পারবে না, তারা ইতিহাসের দিকে তাকালে বুঝতে পারবেন যে অতি অল্প সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
রফিকুল ইসলাম বলেন, অচিরেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে মাহমুদুর রহমানসহ দেশ প্রেমিক রাজবন্দীদের মুক্ত করা হবে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধূরী, কবি ফরহাদ মজহার, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ, অধ্যাপক ড. পিয়াস করীম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজসহ অনেকে।
[b]ঢাকা, এমএইচ, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]