রাজনৈতিক দলের নেতাদের সম্মানে আয়োজিত খালেদা জিয়ার ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বুধবারের ৪টি কর্মসূচির মধ্যে বিএনপি চেয়ারপার্সনের ইফতার মাহফিলে যোগ দেয়ার কর্মসূচিটি নেই।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইফতার মাহফিলে যোগ দিবেন কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, বিষয়টি তার জানা নাই।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলও এ বিষয়ে জানেন না বলে জানান।
বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে খালেদা জিয়ার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে মঙ্গলবার সকালে খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ইফতারির দাওয়াত দেওয়া হয়।
বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাড়াও দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের প্রেসিডিয়াম সদস্যদের ইফতারের আমন্ত্রণ জানানো হয়।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





