কানাডা সরকার বিএনপিকে সন্ত্রাসী দল মনে করে না বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সালাম রেস্টহাউজে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, 'কানাডার আদালতের দেয়া রায়ের সঙ্গে বিএনপি সম্পৃক্ত নয়। কানাডা সরকার বিএনপিকে সন্ত্রাসী দল মনে করে না।'
তিনি আরও বলেন, 'কানাডার আদালতের কে কী রায় দিল তাতে বাংলাদেশের রাজনীতির কোনো পরিবর্তন হয় না। বিএনপি কখনোই সন্ত্রাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে না।'
এসময় বিএনপি মহাসচিব দাবি করেন, 'বিএনপি নয়, আওয়ামী লীগই সন্ত্রাসী দল। তারা নিজেরাই সন্ত্রাস করে অন্যের ঘাড়ে চাপাতে চায়।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ সন্ত্রাস শিখিয়েছে, তারা ৭২ সাল থেকে সন্ত্রাস করে আসছে। ৭২ থেকে ৭৫ পর্যন্ত ক্ষমতায় থেকে তারা জনগণের ওপর যে অত্যাচার করেছে, দেশে যে সন্ত্রাস চালিয়েছে মানুষ তা ভুলেনি।'
'আজকে আবার তারা নিজেরা মারামারি করছে, বন্দুকযুদ্ধে লিপ্ত হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছে যা দেশের মানুষ আর বেশীদিন সহ্য করবে না' যোগ করেন তিনি।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানসহ জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবি





