গত ৬ মাসে শুধুমাত্র লক্ষীপুরেই বিএনপি ও জামায়াতের ২২জন নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন । এর মধ্যে ১৬ জন খুন ও ৬ জন গুম হয়েছেন বলে জানিয়েছে লক্ষীপুর জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ  তথ্য প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান,গত বছরের ২৬ অক্টোবর থেকে লক্ষীপুরেই ১৬জন খুন ও ৬জন গুম হয়েছেন।তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে সরকারি দলের সন্ত্রাসী ও দলীয় প্রসাশনের রোষানলে এসব খুন গুমের ঘটনা ঘটে। এছাড়া বিগত ৫বছরে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে ১৯জন নেতাকর্মী নিহত হয়েছে।
লক্ষীপুর জেলা বিএনপি প্রকাশিত গুম,খুন ও নিহতদের তালিকা অনুযায়ী গত ছয় মাসে খুন হয় ১৬জন।এরা হলেন-লক্ষীপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক শামসুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ফরহাদ হোসেন,সদরের বাবর হোসেন,কামাল উদ্দিন,মো.সেলিম, মাহবুব আলম, রিপদ দেবনাথ।লক্ষীপুর পৌরসভা যুবদল কর্মী সুমন,শিবির কর্মী শিহাব,জেলা জামায়াতের নায়েবে আমির ডা:ফয়েজ আহমেদ, রতনের খালি এলাকার বিএনপি কর্মী আসাদুজ্জামান বাবুল,আব্দুল মান্নান,সুমন,শাহাদাৎ হোসেন রুবেল,দিদার,আবুল হোসেন আবু প্রমুখ।
এছাড়া গুমের শিকার ৬জন হলেন-জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েল,দিঘুলী ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক বেলাল হোসেন,যুবদল কর্মী আলমগীর হোসেন,রাজু,লক্ষীপুর উপজেলা পূর্ব সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক,মো.আব্দুল কাদের প্রমুখ।
অপরদিকে লক্ষীপুরে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি ও ১৯ দলীয় জোটের ১৯ নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সমাজকল্যান বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধূরী আবেদ প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ,২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেএ[/b]