আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “নিজ দলের নেতারাই বলে বেড়াচ্ছেন যে, বিএনপি এখন একটি কোমর ভাঙা রাজনৈতিক দল। বিএনপি তাদের ভুল রাজনীতির খেসারত দিতে গিয়ে নির্বাচন কমিশন ও সরকারের ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে।”

আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাতওয়ারি আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির জনবিরোধী ভূমিকা তাদের আত্মবিশ্বাসে চির ধরিয়েছে। তাই তারা বিরাজনীতিকরণের কথা বলে। শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থার কারণে এখন বিএনপির সিনিয়র নেতারাই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন।”

সেতুমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে না; বরং বারবার ষড়যন্ত্রের স্বীকার হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগ দেশ, মাটি ও মানুষের পাশে থেকে এ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকার গণতন্ত্রে বিশ্বাসী বলেই জনগণের আস্থা নিয়ে এগিয়ে চলছে সমৃদ্ধ আগামী নির্মাণে। সরকারের এ অগ্রযাত্রায় বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ওবায়দুল কাদের বলেন, “সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়, পেতে চায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগী শক্তি হিসেবে। কোনও রাজনৈতিক দলকে রাজনীতিবিমুখ করা সরকারের কাজ নয়।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সরকার বিরাজনীতিকরণের পথে হাঁটছে এবং ষড়যন্ত্র করছে’ এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিরাজনীতিকরণ তো নয়ই, বরং সরকার গণতন্ত্রের স্বার্থে আরও সক্ষম ও শক্তিশালী বিরোধী দল চায়।”

এমবি