ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীর মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, “দেশ, জাতি ও মানুষের অধিকারের পক্ষে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন মাওলানা নেজামী।”
গতকাল (সোমবার) রাত ৮টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় বলেন, “মরহুম মাওলানা আবদুল লতিফ নেজামী ইসলামী ঐক্যজোটের প্রধান নেতা ও দেশের একজন বিশিষ্ট আলেম ছিলেন। তিনি আমৃত্যু ইসলামের আদর্শ, নীতি প্রচার-প্রসারের কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। বর্তমান দুঃসময়ে তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শুন্যতার সৃষ্টি হলো।”
নেজামীর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন ফখরুল ইসলাম। তিনি বলেন, “মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম মাওলানা আব্দুল লতিফ নেজামীকে বেহেসত নসিব এবং পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।” শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির মহাসচিব।
এছাড়া মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইন্তিকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
এমবি





