২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টার হরতালের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল,পিকেটিং ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।
জোট নেতা-কর্মীদের বিচারবহির্ভূত হত্যা,গুম বন্ধ করে জোট নেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেয়ার দাবিতে এ কর্মসূচি পালন করছেন ২০ দলীয় জোট।
দেশের বিভিন্ন স্থানের হরতালচিত্র তুলে ধরা হলো-
হরতাল সমর্থনে শাহবাগে ছাত্রদলের মিছিল: চলমান হরতাল-অবরোধ সমর্থনে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্দলীয় নিরপেক্ষ সরকার ও অবরুদ্ধ খালেদাসহ জোট নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার সকাল ৮টায় শাহবাগ থেকে এ মিছিল শুরু হয়। এসময় নেতাকর্মীরা কর্মসূচির সমর্থনে শ্লোগান দেয়।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সামশুল আলম রানা, মফিজুর রহমান আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, সাবেক সদস্য ফুয়াদ,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, সূর্যসেন হলের শাহনেওয়াজ, আলতাফ হোসেন, গাজী আরিফ, সাইফুল মোহসীন, বাশার, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়,
এমএ হাসান, জহুরুল হক হলের মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সানোয়ার আলম, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সজীব প্রধান প্রমুখ।

হরতালে বাড্ডায় মিছিল-পিকেটিং: ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে রাজধানীর বাড্ডা ও তেজগাঁওয়ে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহনগরী উত্তরের নেতাকর্মীরা।
রবিবার সকাল সাড়ে ৮টায় মহানগরী দপ্তর সম্পাদকের নেতৃত্বে বাড্ডার নদ্দা এলাকায় হরতালের সমর্থনে রাজপথে মিছিল বের করে শিবির নেতাকর্মীরা।
এসময় শিবিরকর্মীরা রাস্তায় লাঠিসোটা ইটপাটক্যাল ফেলে এবং অগ্নিসংযোগ করে রাজপথ অবরোধ করে পিকেটিং করে। তখন রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

হরতাল সমর্থনে রামপুরায় শিবিরের মিছিল: রাজধানীর রামপুরায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
রোববার সকাল ৯টায় ঢাকা মহানগরী পূর্ব শাখা সেক্রেটারি সিয়াম রেজার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী অফিস সম্পাদক তোজাম্মেল হক, অর্থসম্পাদক এস আর মিঠু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশ্রাফ উদ্দিন, প্রচার সম্পাদক এম বাবু প্রমুখ।

কাওরান বাজারে ৫টি ককটেল বিস্ফোরণ: ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন কড়া নিরাপত্তার মধ্যেও রাজধানীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে কাওরান বাজার আন্ডারপাস এর পাশের রাস্তা ও ডিভাইডারে পরপর ৫টি ককটেল ককটেল বিস্ফোরিত হয়। এসময় রাস্তায় দুইপাশে যানবাহন ও মানুষের ভিড় ছিল।

পুরাণ ঢাকায় হাতবোমা বিস্ফোরণ, কলেজছাত্রী আহত: ২০দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালের সমর্থনে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে মিছিল করেছে জোট নেতা-কর্মীরা। এসময় মিছিল থেকে ছোড়া হাতবোমায় এক কলেজছাত্রী আহত হয়েছে।
রোববার দুপুরের দিকে মহানগর মহিলা কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান জানান, এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ মামুনকে আটক করা হয়।
আহত শারমিন সুলতানা (১৭) এবার কবি নজরুল সরকারি কলেজের অ্যাকাউন্টিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি প্রক্রিয়ার বিষয়ে জানতে ফরাসগঞ্জের বাসা থেকে কলেজে যাওয়ার পথে তিনি বোমার শিকার হন।

হরতালে মৌচাকে জামায়াতের মিছিল: অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ার-টেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের ডাকে টানা অবরোধের ৪৮ তম দিনে ও হরতালের সমর্থনে রাজধানীর মৌচাকে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর কর্মীরা।
রবিবার সকাল ৮.০০টায় রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আকতার হোসাইন, মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান ও জামিল মাহমুদ প্রমুখ।
মগবাজার ও আজিমপুরে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ,আহত ৫: রাজধানীর দুটি পৃথক স্থানে পেট্রোলবোমা ও ককটেলে আহত ৫জন। মগবাজারের মধুবাগে পেট্রোলবোমায় দুই পথচারী দগ্ধ হয়েছেন। এ দিকে আজিমপুরে ককটেল বিস্ফোরণে ইডেন মহিলা কলেজের তিন ছাত্রী আহত হন। শনিবার রাতে পৃথক এ ঘটনা দুটি ঘটে।
দগ্ধরা হলেন- মোহাম্মদ আলী (২৩) ও শ্যালক মো. পলাশ (৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরে ট্রাকে অগ্নিসংযোগ:দিনাজপুর জেলা শহরে পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি অটোরিকশাও ভাঙচুর করে তারা।
শনিবার রাত ৮টার দিকে শহরের বিশ্বরোড় এলাকার মৌলভী মোড়ে এ ঘটনা ঘটে।
কোতয়ালী থানার এসআই মো. জাহিদ হোসেন জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাকে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। একই সময়ে শহরের লিলি মোড়ে ২টি অটোরিকশাও ভাঙচুর করে অন্য একদল দুর্বৃত্ত।
ময়মনসিংহে রওশন এরশাদের বাড়িতে ককটেল নিক্ষেপ,গুলিবিদ্ধ ১: সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ময়মনসিংহ শহরের পৈতৃক বাড়িতে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এ সময় টহলরত পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হন। শনিবার দিবাগত রাত ১২টার কিছু পরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নুরুজ্জামান স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।
এমকে





