বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করছে। তারা ছাড়া সবাই গণতান্ত্রিক চর্চা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, বিএনপি যেটা করছে সে ব্যাপারে সমালোচনা আত্ম-সমালোচনা আছে। মানুষ পোড়ানোর রাজনীতির সঙ্গে গণতান্ত্রিক রাজনীতির কোন সর্ম্পক নেই।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি বলেন, সরকারের অবস্থান পরিষ্কার। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্র কোন অনুমোদন দেয় না। এ ব্যাপারে দায়ের করা অভিযোগ অতীতে তদন্ত করেছে রাষ্ট্র, যারা জড়িত ছিল তাদের দোষী সাব্যস্ত করেছে এবং প্রশাসন থেকে তাদের বাদ দিয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানেও যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে কারো কোন অভিযোগ থাকে তারও তদন্ত হবে। দোষী ব্যক্তিদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং সাজার ব্যবস্থা করা হবে।

ভারতের মেঘালয় রাজ্যে আটক বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফেরত আনার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, কোন বিচারাধীন আসামির দেশে বিচারের জন্য ফেরত আনার যে আর্ন্তজাতিক আইন আছে, সেই অনুযায়ী আইনগত পদক্ষেপ নেবে সরকার। এ ব্যাপারে বাড়তি কোন পদক্ষেপ নেবে না।

এ সময় পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ