আবারো মধ্যবর্তী নির্বাচনের দাবিকে নাকচ করলেন ক্ষমতাসীন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে- ‘শতভাগ নিশ্চিত থাকেন, মধ্যবর্তী নির্বাচন হবে না’ বলে জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীর জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ প্রসঙ্গে ১৪ দলের এই বৈঠক আহ্বান করা হয়।

সাংবাদিকদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা নিজেরাই বলেছেন এটা মিডিয়ার আলোচনা। আমাদের কোনো নেতা কখনোই মধ্যবর্তী নির্বাচনের কথা বলেননি।

আপনারা একশো ভাগ নিশ্চিত থাকেন- মধ্যবর্তী নির্বাচন হবে না। সংবিধান অনুসারে যথাসময়ে নির্বাচন হবে এবং সেটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।’

এ সময় সাম্প্রতিক ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে কয়েকটি জেলা প্লাবিত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে এ ব্যাপারে সরকারের তৎপরতা আরো বাড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেন মোহাম্মদ নাসিম।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, ড. আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, এস এম কামাল, ওয়াকার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির ডা. শহীদুল্লাহ শিকদার, ডা. শাহাদাত হোসাইন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, অসিতবরণ রায়, গণআজাদী লীগের এস কে শিকদার, ন্যাপের এনামুল হক, ইসমাইল হোসেন, বাসদের রেজাউর রশিদ খান প্রমুখ।

এমকে