প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (০৩ মার্চ) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বর্তমান বয়স ৮২ বছর।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রাতে তার ভেরিফাউড ফেসবুক পেজে এইচ টি ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম রাত ১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। জানাজা এবং দাফনের বিষয়টি পরে অবহিত করা হবে।”

এইচ টি ইমামের মৃত্যুতে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

এর আগে বুধবার পরিবারের সদস্যরা জানান, গত কয়েক দিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে আছেন। গত মঙ্গলবার থেকে তার শারীরিক অবস্থা বেশ খারাপ।

এইচ টি ইমামের জন্ম ১৯৩৯ সালে। বাবার চাকরি সূত্রে তার শৈশব-কৈশোর কেটেছে বিভিন্ন জেলায়। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক এবং পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। রাজশাহী কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে এমএ ডিগ্রি নেন এইচ টি ইমাম। চাকরি জীবনের প্রথমে রাজশাহী সরকারি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর পাকিস্তানে সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পান এইচ টি ইমাম। প্রথমে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং ২০১৪ সালে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়। এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম সিরাজগঞ্জের একটি আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

এমবি