কলম সৈনিক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা জানিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার গণমাধ্যমে পাঠানো এক শোক বাণীতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটি।

খালেদা জিয়া বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসাংবাদিত প্রাণপুরুষ। তিনিই উপমহাদেশের স্বাধীনতার প্রথম বলিষ্ঠ কন্ঠস্বর।তাঁর কবিতা ও গান আমাদের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা যুগিয়েছিল।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য উপনিবেশিক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন তিনি। এতে কারাগারে নির্যাতন সহ্য করতেও দ্বিধা করেননি।

তিনি আরও বলেন, তাঁর কবিতা ও গানে মানবতা ও সাম্যের বাণী উচ্চারিত হয়েছে। তিনি ছিলেন একাধারে শ্রমিক, সৈনিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নির্ভিক কণ্ঠস্বর এবং একজন প্রকৃত দেশ প্রেমিক যোদ্ধা।

শত জুলুম, অন্যায়-অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে ক্ষুরধার লেখনি দিয়ে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। নিজেও ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর অনেক অত্যাচার সহ্য করেছেন।

বেগম জিয়া বলেন, কবি পারিবারিক সীমাহীন দুঃখ কষ্টের মধ্যে থেকেও নির্বাক হওয়া পর্যন্ত সাহিত্য-চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি ছিলেন বিস্ময়কর বহুমূখী প্রতিভার অধিকারী, তাঁর ক্ষুরধার লেখনির মধ্যে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সমাজ বদলের মন্ত্রণা সুষ্পষ্ট।

তাঁর সৃষ্টিকর্ম আমাদেরকে চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মন্তব্য করে তিনি বলেন, "আমি জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সকল কর্মসূচির সর্বাত্মক সাফল্য কামনা করছি।"

এমকে