নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। তবে জেলা পরিষদের নির্বাচনে দলটি অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ২১ নভেম্বর থানা, জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
বৈঠক চলাকালে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে এসব সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে রাত ৯টা ৫ মিনিটে শুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন- ডা. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহম্মেদ, তরিকুল ইসলাম, মীর্জা আব্বাস, গয়েশর চন্দ্র রায়, ড. আবদুল মইন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চোধুরী ও লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তবে অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেনি এমকে আনোয়ার।
এমবি





