দেশে বিচারহীনতা চলছে বলেই অব্যাহতভাবে নারী গণধর্ষণ ও শিশু নির্যাতন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন আজকে যে নির্যাতন চলছে তা আইয়্যামে জাহিলিয়াত যুগের সঙ্গে তুলনা করা যায়।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নৃসংশ শিশু নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, সরকারী দলের একজন নেতা(সুরঞ্জিত সেন গুপ্ত) গতকাল স্বীকার করেছেন বর্তমানে রক্ষকরাই ভক্ষকের ভুমিকায় অবতীর্ণ হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই বর্তমানে সংখ্যালঘুদের জমি দখল করছে।

দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ স্বস্তি নেই উল্লেখ করে নোমান বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে পারলেই মানুষের স্বস্তি ফিরে আসবে।

তিনি বলেন, পাশে একটি সংগঠন (আওয়ামী ওলামা লীগ) ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যাচ্ছে। জানি না আমাদের কথাগুলো কেউ শুনবে কি না। আমাদের মানববন্ধন করতে বাঁধা দেয়া হয়েছে। কিন্তু আমাদের এই কথাগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরনের জন্য সর্বদলীয় গোলটেবিল আলোচনার মাধ্যমে এর সমাধান হতে পারে। একইসঙ্গে সবদলের অংশগ্রহণের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনেরও দাবী করে তিনি।

একই অনুষ্ঠানে বিএনপির অপর ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেন, সমাজে নৃসংশতা ভয়াবহভাবে বেড়ে চলায় জাতি আজ আতঙ্কিত ও শঙ্কিত। দেশে বিচারহীন সংস্কৃতি চালু হওয়ায় এই অবস্থা।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের মা-বোনদের ঐক্যবদ্ধ হয়ে এই নৃসংশতার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। এছাড়াও মানববন্ধনে প্রায় শতাধিক মহিলা দলের নেতাকর্মী অংশ নেয়।

বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের এই মানববন্ধন সকাল ১০ শুরু হওয়ার কথা থাকলেও প্রেস ক্লাবের সামনের পুরোটাই দখল করে সরকার সমর্থিত কয়েকটি সংগঠন বিভিন্ন ইস্যুতে মানববন্ধন শুরু করে। এজন্য প্রায় দেড়ঘন্টা পরে মহিলা দলের মানববন্ধন শুরু হয়।

এমএইচ/এমকে