সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনেও ফেল, নির্বাচনেও ফেল। আন্দোলনে যেমন তাদের কর্মী নেই, তেমনি নির্বাচনেও তাদের এজেন্ট নেই। ঢাল নেই, তলোয়ার নেই তারা নিধিরাম সর্দার।’

রোববার দুপুরে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির আন্দোলনের মরা গাঙে কখনো জোয়ার ছিল না, জোয়ার আসবেও না।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য ফয়েজুর রহমান বাদলের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য এ বি এম তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিমসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে মন্ত্রী ওবায়দুল কাদের নবীনগর-রাধিকা সড়ক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা সদরের ডাকবাংলোতে তিনি সাংবাদিকদের বলেন, মাঝপথে বিএনপির রহস্যজনক বর্জনই সিটি নির্বাচনে তাদের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে। সিটি নির্বাচন সুষ্ঠু না হলে বর্জনের পরেও বিএনপি কিভাবে এত ভোট পেল তা প্রশ্ন থেকে যায়।

মন্ত্রী আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে জাতিসংঘসহ কয়েকটি দেশের যে মাতামাতি তা নজিরবিহীন।

কেএইচ