পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধু এত উঁচু দরের মানুষ ছিলেন যাকে নিয়ে ছোট পরিসরে আলোচনা সম্ভব নয়।
রাজশাহী শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধু রাজনীতিবিদ ও পরবর্তীতে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে এত বেশি পরিমাণে কাজ করে গেছেন, যার নজির ইতিহাসে বিরল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যরা নির্মমভাবে নিহত হন। এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পরবর্তীতে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যার বিচার কাজ শুরু করেন। তার যোগ্য নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গবন্ধুর খুনীদের বিচারে সার্বিক কার্যক্রম বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তর বোয়ালিয়া কার্যালয়ের মাধ্যমে ৯ জন সুবিধাভোগী যুবকের মধ্যে ৪ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আয়েন উদ্দিন এমপি, বেগম আখতার জাহান এমপি, ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাদত হোসেন, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান, রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





