খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি মহল পরিকল্পিতভাবে ইসলাম বিরোধী তৎপরতার কেন্দ্রে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ধর্মভীরু ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগ ও ঢাবি প্রশাসনের নিবর্তনমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নামাজ পড়লে, হিযাব পরলে, ইসলামী বই পড়লে ছাত্র-ছাত্রীদের জঙ্গী আখ্যায়িত করে নির্যাতন করা হচ্ছে, হল থেকে বের করে দেয়া হচ্ছে। আল্লাহ- রাসুলের বিরুদ্ধে কটুক্তিপূর্ণ মন্তব্য করা হচ্ছে।

তারা আরও বলেন, নির্যাতিত ছাত্র-ছাত্রীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে না এসে বরং অনেক ক্ষেত্রে নির্যাতিত ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদেশের ধর্মপ্রাণ জনগণ কোনভাবেই এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বরদাস্ত করবে না।

বিবৃতিতে নেতৃদ্বয় ধর্মভীরু ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগ ক্যাডার ও ঢাবি প্রশাসনের নিবর্তনমূলক আচরণ অবিলম্বে বন্ধের দাবি জানান। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ধর্মীয় আচার-আচরণ মেনে যাতে নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে তা সুনিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কেএইচ