বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃতদের বিচার হয়েছে, মদদ দাতাদেরও বিচারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইতিহাসের কিংবদন্তি বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। কিন্তু পেছন থেকে যেই সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক চক্র খুনে সহেযোগিতা করেছে তাদের মুখোস উন্মোচন করে বিচারের আওতায় আনতে হবে।’

এছাড়াও ২১ আগস্ট রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল, তাদেরও বিচার করতে হবে।    

ইতিহাসের নায়কেরা ইতিহাসের পাতায় সমুজ্বল থাকেন এমন দাবি করে তিনি বলেন, ‘খলনায়কেরা ইতিহাসের পাতা থেকে মুছে যায়। যারা গণহত্যা ও গণধর্ষণ করে পরবর্তীতে মন্ত্রী হয়ে জাতীয় পতাকা লাগিয়ে ঘুরে-বেরিয়েছেন, তারা ইতিহাসের পাতায় টিকতে পারেনি। দীর্ঘ দিন পরে হলেও তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে।’

ঐ ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে প্রতিষ্ঠিত করতে। শুধু তাই নয় তারা গণতন্ত্রকে ক্যান্টনমেন্টে বন্দী করে রেখেছিল বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সংগঠনের সভাপতি পিআর বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম মোশাররফ হোসেন, দৈনিক খবরের সম্পাদক ড. মিজানুর রহমান মিজান, বিএফইউজে’র মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক সাবান মাহমুদ, সাবেক সভাপতি ওমর ফারুক প্রমুখ।

এমএ/এসএইচ