বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করছে বিএনপি। বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
নেতাকর্মীরা ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে না’- ইত্যাদি স্লোগানে দিচ্ছেন। নেতাকর্মীদের হাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন রয়েছেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানারও দেখা যাচ্ছে।
সোমবার (০৬ মার্চ) বেলা ১১টা দিকে মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার দিকেই এ মানববন্ধন শুরু হয়। এতে অংশ গ্রহণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আব্দুস সালাম, ফরহাদ হালীম ডোনার, আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, নিপুন রায় চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকসহ, মহিলা দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।
এর আগে মানববন্ধনে অংশ নিতে সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। বিএনপির মানববন্ধনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।





