ঈদের পর বিএনপির আন্দোলন নিয়ে সংঘাতের কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, আমরা আশা করছি বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ হবে। তাদের আন্দোলনে সংঘাতের কোন আশঙ্কা দেখছিনা।
ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস করতে এসে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলে, ‘আমরা ঈদের পর জাতীয় শোক দিবস নিয়ে কাজ শুরু করবো। দল ১৫ আগস্টের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবে। সময় এলেই আন্দোলনের বিষয়ে কথা বলবো।’
‘বিএনপির আন্দোলন নিয়ে তো মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে’-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা তা করতে পারে। ইতোমধ্যে তারা শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়েছে। আশা করি তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে। এখানে সংঘাতের কোনো আশঙ্কা দেখছি না।’
ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম,এমআর





