বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সুবোধ, শান্ত-শিষ্টের মতো আদালতে গেলেন তাহলে মানুষ হত্যা করলেন কেন?
রোববার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নানের ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন রাখেন।
কামরুল বলেন, মানুষ হত্যার জবাব আপনি পাবেন, জনগণ আপনাকে সঠিক জবাব দিবে। তিনি বলেন, খালেদা জিয়া তার কার্যালয়ে স্বেচ্ছায় অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি স্বেচ্ছায়ই বের হয়েছেন।
তিনি বলেন, এতগুলো মানুষের জীবন নিলেন, ১০০ জনেরও অধিক। শত নাগরিক কমিটির নেতা এমাজউদ্দিন সাহেবের কাছে প্রশ্ন, এর ফলাফল কি? মানুষ হত্যা করে জাতীয় নির্বাচনের আদায় করা যায় না।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি সিটি নির্বাচনে এসেছে ভালো কথা কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের নামে তারা আবার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। আমরা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। অহেতুক উল্টাপাল্টা কিছু বলবেন না।
তিনি আরো বলেন, লেবেল প্লেইং ফিল্ড মানে এই না, যারা মানুষ মেরেছে তাদের পুলিশ খুঁজবে না। যারা জেলে আছে তাদের ছেড়ে দেয়া হবে। তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। তারা যত বড়ই হোক না কেন। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিবে।
কামরুল ইসলাম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরো বলেন, আদালতে গেছেন, দীর্ঘদিন যান না। এটা মামলাকে বিলম্বিত করার কৌশল। আদালত তাকে জামিন দিয়েছে। আশা করি, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। বিচার বিলম্বিত করার আর কোন কৌশল নিবেন না।
তিনি বলেন, নয়া পল্টনের কার্যালয়ে তো পুলিশ পাহারা দেয়ার জন্য ছিল। সেখানে না যাওয়াটা তাদের সাহসের অভাব। যাক সিটি নির্বাচনের মাধ্যমে বিএনপি গণতন্ত্রের পথে ফিরি এসেছে।
নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
এমআর/ এআর





