স্বাধীনতার বিরোধীতাকারী শক্তি আজও দেশে সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আজ রোববার বিকেল সাড়ে চারটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা একাত্তরে ইয়াহিয়ার পা চেটেছিল, দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই কুকুররা আজও চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার বিরোধীতাকারী রাজাকার, আলবদরদের নিয়ে আন্দোলনের নামে মানুষ হত্যা বন্ধ করতে হবে।
যারা জ্বালাও পোড়াও করে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারে, মসজিদে হামলা করে, কুরআন শরীফে আগুন দেয় তাদেরকে আর কোন ছাড় নয় বলেও হুসিয়ারি দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ছিল, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। সেই আদর্শকেই আমি লালন করি। কাজেই ক্ষমতার মোহ আমার নেই।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারিয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তিনি কোন আপোষ করেননি।
আর বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন এমন দাবি করে শেখ হাসিনা বলেন, ক্ষমতা ধরে রাখার খায়েশ তার কখনই ছিল না। তিনি দেশের মানুষের জন্য রাজনীতি করেন। তার কোন চাওয়া পাওয়া নেই।
তিনি পরাজিত শক্তিদের দোসরদের বিরুদ্ধে সজাগ থাকতে দেশবাসীকে আহবান জানিয়ে বলেন, দেশের মানুষের জন্য নি:স্বার্থভাবে কাজ করতে হবে। নিজের চাওয়া-পাওয়াকে বড় করে দেখা যাবে না।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





