শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ দাবি জানান গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, শনিবার বিকেলে কুষ্টিয়া শহরে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা আমির হামজার গাড়িবহরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হকিস্টিক ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। এতে আমির হামজা, তার পরিবারের সদস্য, সফরসঙ্গীসহ সাতজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

জামায়াতের এই নেতা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের পরিকল্পিত হামলা উদ্বেগজনক। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা ছিল দুঃখজনক।

তিনি বলেন, পুলিশ প্রশাসন সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করলে হামলাকারীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।

বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এ ছাড়া এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার।

এস