আসাদুজ্জামান খানবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর হামলার মুখে পড়লেও কারও ওপর হামলা করা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সোমবার রাতে তিনি এক সংবাদপত্রের কাছে এ মন্তব্য করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে নেমে আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে হামলার মুখে পড়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বেশ কয়েকজন যুবক তাঁকে জুতা ও কালো পতাকা দেখান। হামলাকারীরা খালেদা জিয়ার গাড়িতে ঢিল ছোড়ে। এতে তাঁর গাড়ির ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এলোপাতাড়ি ভাঙচুর করা হয় তাঁর নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) তিন-চারটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি। এতে খালেদার একজন নিরাপত্তাকর্মীসহ কয়েকজন আহত হন। তাঁর গাড়ির সামনের অংশে রক্তের দাগও দেখা গেছে।

এ হামলার ব্যাপারে জানতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি যাচাই বাছাই করা হচ্ছে। যদি কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটির সত্যতা আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কানে এসেছে ঘটনাটি অন্য রকম। কারও ওপর হামলা করা হয়নি বরং অন্যদের ওপর বিএনপির লোকজন চড়াও হয়েছিল। এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করছি না। আমরা সব খতিয়ে দেখছি।’

এএইচ