বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন তিনি কোনো অপরাধ নেই, গায়ের জোরে বিচার করছে সরকার।
শনিবার দুপুরে লা মেরিডিয়েন হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভায় সভাপতিত্বের বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় দেবেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত।
এ রায়কে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আজ বেলা ১১টা ১০ মিনিটে লা মেরিডিয়ান হোটেলের ১৪ তলার গ্র্যান্ড বল রুমে বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা শুরু হয়।
সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, সব জেলার সভাপতি ও নির্বাহী কমিটির ৫০২ সদস্যসহ অন্তত সাতশ নেতা উপস্থিত আছেন।
সভাপতির বক্তব্যে খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলাসহ নির্যাতনের অভিযোগ করেন। তিনি বলেন, পুলিশ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন নতুন মামলা দিচ্ছে। তারা আমাদের মহিলা নেত্রীদেরও ছাড় দিচ্ছে না। বর্তমানে আমাদের বহু নেত্রী জেলে রয়েছে। সেখানে তাদের থাকার ভালো ব্যবস্থা নেই।
পুলিশ জনগণের অধিকার রক্ষা করতে চায় উল্লেখ করে খালেদা জিয়া বলেন, পুলিশকে এমনভাবে নির্দেশ দেয়া হয়, ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়; তারা নির্দেশ মানতে বাধ্য হয়। তা না হলে তারা চাকরি হারাবেন।
দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলেছে অভিযোগ করে বিএনপি নেত্রী বলেন, আওয়ামী লীগ আসলে নাকি হিন্দু সম্প্রদায়রা ভালো থাকবে। কিন্তু এখন তাদের ওপর বেশি নির্যাতন চলছে। হিন্দুদের বাড়িঘর-দোকানপাট দখল করে নিচ্ছে। আসলে আওয়ামী লীগ কোনো ধর্মে বিশ্বাস করে না।তাদের অত্যাচরের শিকার হয়ে সংখ্যালঘুরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছে।তারা বলছে আমরা নৌকার কাছে আর যাব না, আওয়ামী লীগ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে।





