বিএনপির অস্তিত্ব রক্ষার জন্য দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বেচ্ছায় বিদায় নেওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি যদি আপনার স্বামীর গড়া দল বিএনপির অস্তিত্ব রক্ষা করতে চান, তাহলে নিজে স্বেচ্ছায় এই দল থেকে বিদায় নিন।’

রাজধানীর শিল্পকলা একাডেমীতে শনিবার সকালে প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন আয়োজিত ‘যুগ পূর্তি, শেকড়ের সন্ধানে গ্রন্থের প্রকাশনা এবং গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপির মধ্যেই গুঞ্জন উঠেছে খালেদা জিয়া ব্যর্থ নেত্রী। দলটির ভাল নেতারা মনে করছেন, এই নেত্রীর পক্ষে বিএনপিকে ঢেলে সাজানো সম্ভব নয়। তাই দল থেকে খালেদা ও তারেককে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজালে জনগণের আস্থা কিছুটা হলে ফিরে পেতে পারে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বদরুদ্দোজা চৌধুরীকে আমি ধন্যবাদ দেই। প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এখনো বিএনপির মঙ্গল চান বলে জামায়াতকে ছাড়তে বলেছেন।’

হোটেল সোনারগাঁওয়ে শুক্রবার সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম চৌধুরীর লেখা ‘আত্মসত্তার রাজনীতি এবং আমার ভাবনা’ বইয়ের প্রকাশনা উৎসবের বক্তব্যে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বিএনপির রাজনীতি এখন সম্পূর্ণ জামায়াত নির্ভর। বিএনপির বাঁচতে হলে জামায়াত নির্ভরতা ছেড়ে আবারও জিয়ার আদর্শে ফিরে আসতে হবে।’

হানিফ দাবি করেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে বিএনপি নেতারা বিভিন্ন সভায় বলেছিলেন তারা ভারতবিরোধী রাজনীতি করেন না। কিন্তু নরেন্দ্র মোদি বিএনপি নেত্রীকে যে তিনটি প্রশ্ন করেছিলেন তার উত্তর তিনি দিতে পারেননি। ভারতের প্রধানমন্ত্রী সফরকালে বিএনপি বিজেপির আনুকূল্য না পাওয়ায় এমাজউদ্দীন সাহেবরা এখন ভারতবিরোধী কথা বলছেন।’

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, বিশিষ্ট অভিনেতা ড. ইনামুল হক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান প্রমুখ।

এমকে