আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন- দিনক্ষণ আসছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও পরাজিত হয়ে এদেশের রাজনীতি থেকে বিতাড়িত হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, বিভিন্ন সূচকে পাকিস্তান থেকে আমরা এগিয়ে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে। তা সত্ত্বেও খালেদা জিয়া দেশকে পেছনে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন। সে পরাজিত হতে বাধ্য। আমরা সত্যের জন্য লড়ছি। আর খালেদা জিয়া মিথ্যার জন্য লড়ছে। ২০১৩ সালের ন্যায় খালেদা জিয়া আবারও পরাজিত হয়ে এদেশের রাজনীতি থেকে বিতাড়িত হবে।
সংলাপের বিষয়ে তোফায়েল বলেন, অনেকে অনেক কথা বলে। কিছু লোক সংলাপের কথা বলে, খালেদা জিয়াকে রক্ষার করার জন্য। সংলাপ কাদের সঙ্গে হয়? ফ্রান্সে পত্রিকা অফিসে যারা গুলি করেছে, তাদের গুলি করে মারা হয়েছে। কোপেনহেগেনে, অস্ট্রিলিয়ায়, সাউথ কোরিয়ায় সন্ত্রাসীরা যা করেছে, তাদের সঙ্গে একই আচরণ করা হয়েছে। সন্ত্রাসের সঙ্গে কোনোদিন কোনোদেশ আপস করে না। আমরাও করবো না।
ছাত্রলীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, আমি তোফায়েল আহমেদ হয়েছি এই ছাত্রলীগ দিয়ে। ছাত্রলীগের ভালো দেখলে গর্বে মন ভরে উঠে। খারাপ দেখলে দু:খে ভারাক্রান্ত হই। অনেকে ছাত্রলীগের পরিচয় দিয়ে ছাত্রলীগের ক্ষতি করে। আমি বিশ্বাস করি ছাত্রলীগের নেতৃত্ব এটিকে গুরুত্ব দিয়ে দেখবে।
তিনি বলেন, হরতাল-অবরোধে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। আজকে শুক্রবারেও ট্রাফিক জ্যাম। অবরোধ কি হচ্ছে? সবকিছু স্বাভাবিক। তবে বাণিজ্যমন্ত্রী হিসেবে আমার সঙ্গে ব্যবসায়ীদের কথা হয়। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বাদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগেরর সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনিসুর রহমান, উত্তরের সভাপতি রবিউল ইসলাম সোহেল প্রমুখ।
এমআর, জেএ





