গত নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রথম হরতালের দুপুরে রাজধানীর বেইলী রোডে অল্পসংখ্যক কর্মীসহ মিছিল করেছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী সোহেল।
আন্দোলনে ব্যর্থতার বৃত্ত ভাঙার জন্য সাবেক আহবায়ক সাদেক হোসেন খোকাকে সরিয়ে মাস দুয়েক আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহবায়কের দায়িত্ব দেয়া হয়। বিএনপি জোটের ডাকা হরতালে আব্বাসসহ মহানগর সিনিয়র কোনো নেতাকে মাঠে দেখা যায়নি।
সোমবার দুপুর পৌনে ১২ টা সোহেলের নেতৃত্বে ব্যানারবিহীন মিছিলটি ভিকারুনন্নেসা নূন স্কুলের সামনে থেকে শুরু হয়ে গলির ভেতর দিয়ে রমনা থানা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহ-দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইসলাম আশরাফসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
সংক্ষিপ্ত মিছিলটি পুলিশ আসার আগেই শেষ করে নেতাকর্মীরা নিরাপদে সরে পড়েন।
এদিকে মাদারটেকে সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দল মিছিল বের করলে তাতে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় আটজন গুলিবিদ্ধ এবং মাহবুব ও কাইয়ুম নামে সংগঠনটির দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
সংগঠনের দেয়া তথ্য অনুযায়ী গুলিবিদ্ধরা হচ্ছেন স্বেচ্ছাসেবক নেতা বিপুল, সোহাগ, লিটন, লতিফ, টুটুল, শামীম, আলামিন ও পলাশ।
অন্যদিকে রাজধানীর শান্তিনগরে বিএনপি মিছিল নিয়ে বের হলে সেখান থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





