সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে খালেদা জিয়াই প্রথম বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশন নয়। খালেদা জিয়াই প্রধান বাধা। তার দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। আবার একই সঙ্গে তিনি হরতাল-অবরোধ ডেকে রেখছেন। অবরোধই যদি রাখেন তবে আপনি নির্বাচন করবেন কিভাবে। আর আপনার ভোটাররাই বা কিভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।

তাই জাতীয় স্বার্থে সর্বপ্রথম এই অযোক্তিক হরতাল-অবরোধ বাদ দিয়ে লেভেল প্লেয়িংয়ের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ খালেদা জিয়াকেই নিতে হবে। এর পর নির্বাচনে আসলে জনগণ আপনাকে গ্রহন করতেও পারে।

সুরঞ্জিত বলেন, বিএনপির সু-মতি হয়েছে। তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসেছে। আমাদের জাতীয় জীবনে যে সংকট তৈরী হয়েছিল তা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াকে অপূর্ব সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা।

তিনি বলেন, কারগারে যারা আটক আছে তাদের জামিন দেয়া না দেয়া আদালতের বিষয়। এখানে সরকার কোন ধরণের হস্তক্ষেপ করবে না।

খালেদা জিয়ার আদালতের যাওয়ার বিষয়ে বলেন, আমার বন্ধু খন্দকার সাহেব বলেন নিরাপত্তা পেলে খালেদা জিয়া আদালতে যাবে। তিনি কার্যালয়ে অবস্থান করছেন। তার নিরাপত্তা বিঘ্নিত করছে কে? সে তো নিরাপদেই আছে। তার নিরাপত্তা দিয়ে আদালতে নিতে হবে এমন কোথাও লেখা আছে নাকি?

নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের বিষয়ে তিনি বলেন, আমাদের সেনাবাহিনী অনেক উচ্চ প্রশিক্ষিত। তাদের যত্রতত্র ব্যবহার করা যাবে না। তাদেরকে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার জন্য কাজে লাগানো হয়।

সংগঠনের সভাপতি ডা. খন্দকার মো. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।

এমআর/ এআর