দেশের সংগ্রাম ও লড়াইয়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির আত্মা ছিলেন। দেশের জন্য বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই।
শুক্রবার সন্ধ্যায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত বঙ্গবন্ধু স্মরণে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর মুক্তি ভবন মৈত্রী মিলনায়তনে ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের সকল দেশী-বিদেশী ষড়যন্ত্র উন্মোচন কর- বঙ্গবন্ধুর স্মরণে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সিপিবির সভাপতিমণ্ডলির সদস্য সামসুজ্জামান সেলিম বলেন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় একটি আদর্শ রাষ্ট্র উত্তোরণের পেছনে কিছু লক্ষ্য ছিল। তা হলো- এদেশের মানুষকে বিকশিত করা, শোষণমুক্ত ও মানুষের রুটি-রোজগারের পথ সুগম করা। এজন্য দেশের জনগণ, কমিউনিস্টপন্থী ও বামপন্থীদের সমন্বয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ রাষ্ট্র গঠন হয়।
তিনি বলেন, এক অনিবার্য ও সুযোগের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণের নেতা হয়ে আবির্ভুত হলেন। দেশের জনগণও বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে নিয়ে দেশ রক্ষায় আন্দোলনে অংশ নেন।
অনুষ্ঠানে সিপিবির সভাপতিমণ্ডলির আরেক সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, আওয়ামী লীগকে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা যাবে না। ৭২’র সংবিধান দিয়ে দেশকে শাসন করতে হলে বাম গণতান্ত্রিক বিকল্প গোষ্ঠী গড়ে তুলতে হবে।
সেই সংগ্রামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লড়াই করে চলছে মন্তব্য করে তিনি বলেন, এর মাধ্যমে একদিন দেশকে শোষণমুক্ত, অসাম্প্রদায়িত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
সিপিবির ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সভাপতি কাফি নয়ন ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





