একাদশ জাতীয় সংসদ নির্বাচন পিরোজপুর-৩ আসনে বিদ্রোহী প্রার্থীসহ আওয়ামী লীগের ৬ নেতাকে পদ ও পদবি থেকে বরখাস্ত করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত গ্রহণের পর সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রে স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী ও মহাজোটের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এ ছয় নেতাকে চূড়ান্ত বহিষ্কারের জন্য আওয়ামী লীগের জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে।
বরখাস্তকৃত নেতারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পদত্যাগী উপজেলা চেয়ারম্যান এবং বিদ্রোহী প্রার্থী মো. আশরাফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ- উল-হক, সম্পাদক মণ্ডলীর সদস্য জাহিদ উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খাঁন ও স্বতন্ত্র প্রার্থীর আপন ভাই উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. রিয়াজ উদ্দিন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এটা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে করা হয়েছে।
এম বিল্লাহ





