বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, আন্দোলন ও নির্বাচন একে অন্যের পরিপূরক। তাই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাবে বিএনপি। কিন্তু সে জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষে বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগর দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বিএনপি নেতা মাহবুবুর রহমান বলেন, ‘অনেক প্রার্থী কারাগারে আছেন। অনেকে আত্মগোপনে আছেন। নির্বাচনী পরিবেশ ফিরে এলে এবং প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারলে আমরা নির্বাচনে যাবো।’
এ সময় নির্বাচনী বিধি-নিষেধ সব প্রার্থীর জন্য এক হওয়ার দাবি জানান তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান সংসদ চোরাবালির উপর দাড়িয়ে আছে। এ সরকারের বিরুদ্ধে ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশবাসীতে সাথে নিয়ে ২০ দলীয় জোট আন্দোলন রত। এ আন্দোলন বিএনপির নয় বাংরাদেশের ১৬ কোটি মানুষের স্বাধীনতা ও অধিকার রক্ষার আন্দোলন।
তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিল। দুর্ভাগ্যর বিষয় হল স্বাধীনতার ৪৪ বছরের সত্যিকারের গণতন্ত্র পাইনি। দেশে আজ গণতন্ত্র বিপন্ন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে চলমান আন্দোলন করে গণতন্ত্র উদ্ধারে করতে হবে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইসমার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক আবু সাঈদ খান খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচ





