প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি বলেছেন, জঙ্গি-সন্ত্রাস দমনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মের নামে যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত তারা ধর্ম ও মানবতার শত্রু। কোন ধর্মই মানুষ হত্যা সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলামী মূল্যবোধে তরুণ সমাজসহ সকলকে উদ্বুদ্ধ করতে হবে। শিশু-তরুণদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ তাদেরকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি সকলকে শিশু ও তরুণদের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গি পোষণ করার আহ্বান জানান।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬ মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে ১ আগস্ট সকালে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, বিশেষ দোয়া মাহফিল, র্যা লী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই আমরা সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। মানুষের গুণাবলী প্রসারিত করতেও বঙ্গবন্ধুর আদর্শ সর্বস্তরে বাস্তবায়ন করা জরুরী।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নুরজাহান বেগম মুক্তা এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মোঃ তোফাজ্জল হোসেন। কর্মসূচীতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নুরজাহান বেগম মুক্তা এম.পি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়ন-অগ্রগতিতে বর্তমানেও প্রেরণা হিসেবে কাজ করছে। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চর্চা ও তাঁর গুণাবলী অনুসরণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্যে দীর্ঘদিন যাবত সংগঠন নিরলসভাবে কাজ করে আসছে। সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এবং সকল মানুষের জীবনের নিরাপত্তা ও মৌলিক অধিকার সুনিশ্চিত করতে সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও গুণাবলী বাস্তবায়ন করা জরুরী।

কর্মসূচীর শেষে দেশ-জাতির সমৃদ্ধি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
এমবিএইচ