বিএনপি নেতা ও প্রাক্তন প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া (৬৩) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জিয়াউল হকের ছেলে মুশফিকুল হক জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবা কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। দুই বছর আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে কোলন ক্যান্সার ধরা পড়ে। এর পর তাকে ব্যাংককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। গত কোরবানির ঈদে তিনি দেশে এসেছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের ব্যাংককে নিয়ে যাওয়া হয়।

জিয়াউল হক ১৯৫৩ সালের ১১ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি বিএনপিতে যোগ দেন। বিএনপির প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী ছিলেন।

এমই