ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ) আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের গণসংযোগে আবারো হামলা হয়েছে।

আজ (১৮ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি রোডে এই ঘটনা ঘটে। এসময় একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহজাহানপুরের বাসা থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে নামেন আফরোজা আব্বাস। বেলা সোয়া ১১টার দিকে খিলগাঁও রেলগেট অতিক্রম করে আফরোজা আব্বাস তিলপাপাড়ায় গণসংযোগ করেন। এসময় এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন যুবক সেখানে গিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে শুরু করেন। আফরোজা আব্বাস বিভিন্ন এলাকা ঘুরে দক্ষিণ গোড়ান এলাকায় পৌঁছালে সেখানে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।

আফরোজার গণসংযোগে থাকা নেতাকর্মীদের ওপর পেছন থেকে স্থানীয় কয়েকজন যুবক ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।  

সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের দুজন নেতা ও বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আফরোজা আব্বাসের লোকজনের দাবি, হামলায় জড়িতদের সবাই স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর মাদারটেক এলাকায় বিএনপির মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এদিনও বেশ কয়জন নেতাকর্মী আহত হন।  সেসময় কর্তব্যরত কয়েকজন সাংবাদিক আহত হওয়ার খবর জানান আফরোজা আব্বাসের ব্যক্তিগত সহকারী নাসির। 

এমবি