আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “করোনাকালে গত সাড়ে ৬ মাসে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। বিশ্ববাসীকে অবাক করে দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। দিনদিন আরো উন্নত ও সমৃদ্ধ হচ্ছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।”

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সামসময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ড. হাছান মাহমুদ বলেন, “করোনাকালে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেছেন সাংবাদিকরা। দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিক মারা গেছেন। অনেকে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে পড়ছে। বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। অনেকেই বাংলাদেশকে নিয়ে আশঙ্কা করেছিলেন বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে পড়বে, মানুষ না খেয়ে ও বিনা চিকিৎসায় মারা যাবে। কিন্তু সবার আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। সরকার অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছে।”

তথ্যমন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার ও আওয়ামী লীগ দক্ষতার পরিচয় দিয়েছে। সবাই নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী প্রতিমুহূর্তে করোনা পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন।”

ড. হাছান মাহমুদ বলেন, “শীতকালে করোনা বাড়ার আশঙ্কা রয়েছে। করোনা চলে গেছে, এটা ধারণা করলে ভুল হবে। সবাইকে আরও সচেতন হতে হবে। সম্মিলিতভাবে সামনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

এমবি