আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে বহিষ্কারের সুপারিশ ও সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার ২ ঘণ্টা পরই সেই সিদ্ধান্ত স্থগিত করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

এর আগে কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়ে শনিবার সন্ধ্যার দিকে গণমাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

আব্দুল কাদের মির্জাকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য সুপারিশ চিঠিতে বলা হয়েছিল, বিগত কয়েক সপ্তাহ থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা দলীয় নেতা ও কর্মীদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে গুরুতর আহত করায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্পর্কে অশালীন বক্তব্য ও আপত্তিজনক উক্তি বিভিন্ন সভা-সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে সংগঠনবিরোধী অশোভনীয় মন্তব্য ও নেতা এবং কর্মীদের হুমকি প্রদান করার অভিযোগে আব্দুল কাদের মির্জা কে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়।

আব্দুল কাদের মির্জা জানান, জেলা আওয়ামী লীগের কোন কমিটি নাই। এদের সঙ্গে আমার কোন সংপৃক্ততা নেই। এই অবৈধ কমিটির কোন অস্তিত্ব নেই। এ কমিটি আমাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে না।

নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, অনিবার্য কারণবসত এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, নোয়াখালী আওয়ামী লীগের শান্তি-শৃঙ্খলার স্বার্থে আদেশটি প্রত্যাহার করা হলো।

সোহেল/এমবি