অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সেই সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ করার যে ঘোষণা দিয়েছে তা হাস্যকর উল্লেখ করে কাদের বলেন, ‘অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সেই সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই। বিএনপি তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে ৫০০ কর্মী নিয়ে একটি মিছিল-মিটিং করতে পারেনি।

তারা কীভাবে অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করবে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমরাও অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করতে পারিনি। আমাদের সময় এমনও হয়েছে, আগের দিন রাতে আমরা সভার অনুমতি পেয়েছি।’

সরকার কারও কাছে জিম্মি নয়। নতুন সড়ক পরিবহন আইন পরিবর্তনের প্রস্তাবিত দাবিগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। তবে এই মুহূর্তে কিছু করা সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘নিয়মকানুন বিসর্জন দিয়ে কোনো কিছু করা যাবে না। সরকার কারও কাছে জিম্মি নয়। নতুন সড়ক পরিবহন আইন পরিবর্তনের প্রস্তাবিত দাবিগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে।'

নতুন সড়ক পরিবহন আইন টিকিয়ে রাখতে তিনি ‘রয়েসয়ে বাস্তবায়নের’ পক্ষে মত দেন তিনি। পরিবহন আইন নিয়ে মালিক-শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা পরিস্থিতি দেখেছেন। সংবাদমাধ্যম প্রথমে আমাদের পক্ষেই ছিল। তবে এ পরিস্থিতি চার-পাঁচ দিন থাকলে আর পক্ষে থাকত না।’

তিনি বলেন, সভা-সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি নিতেই হবে, নিয়ম কানুন বিসর্জন দিয়ে কিছুই করা যাবে না।

এএস