মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কুকুরের কামড়ে জলাতঙ্ক হওয়ার পর পানি দেখলে মানুষ যেমন আতঙ্কিত হয়, বর্তমানে স্বাধীনতাবিরোধী শক্তির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে রকমই এক আতঙ্কের নাম।
রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে রবিবার দুপুরে শেখ হাসিনাকে নিয়ে এক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে শেখ হাসিনা আজকে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। বিএনপি দেশকে জঙ্গিবাদের চারণভূমিতে পরিণত করতে চাইলেও ক্ষমতায় আসার পর শেখ হাসিনা জঙ্গিবাদকে এ দেশে ঢুকতে দেননি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, আজকে তারা পৃথিবীতে মোড়লগিরি করছে। কিন্তু একদিন তাদের পতন হবেই। ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের শোষিত মানুষের দীর্ঘশ্বাস বৃথা যেতে পারে না।
প্রত্যয় জসীম সম্পাদিত ‘গণতন্ত্রের মানসকন্যা’ নামক ওই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শিক্ষক নেতা অধ্যক্ষ শাজাহান সাজু, কবি আসলাম সানী, ছাত্রলীগের সহ-সভাপতি ও কালিয়াকৈর উপজেলার চেয়ারম্যান রেজাউল করিম রাসেল প্রমুখ।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





