ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ১ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ৭ মার্চ ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন।

সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

বিকাল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান জনসভা। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ৭ মার্চ বাঙালি জাতির মুক্তি সংগ্রামের এক ঐতিহাসিক দিন। ১৯৬৬ সালের ৬-দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচনের পর যখন বাংলার জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা শুনতে অধীর আগ্রহে বসেছিল, তখনই ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দানে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেছিলেন। বঙ্গবন্ধুর সেদিনের ঐতিহাসিক ভাষণে, বাঙালির ২৩ বছরের শোষণের ইতিহাস তুলে ধরেছিলেন।

এমআর/ইআর