বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীর মদদে গুম-খুন ও অপহরণে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। নগরীর ভূবনমোহনপার্কে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা মামলা বিচারিক আদালতে স্থানান্তর, দেশজুড়ে খুন-গুম ও অপহরণের প্রতিবাদ, জাতীয় ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সরকারের পদত্যাগ দাবিতে রাজশাহী মহানগর বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।
অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, নারায়ণগঞ্জে ৭টি অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে র্যাকবের বিরুদ্ধে। কিন্তু ৩ র্যাব কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেফতার না দেখিয়ে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। নিজেদের অপকর্ম ঢাকতেই সরকার এ অপৎপরতা শুরু করেছে।
রিজভী বলেন, বিএনপির মিছিল দেখলে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়,নেতাকর্মীদের আহত করে, হত্যা করে। আমরা আর কতদিন এভাবে গুলি খাবো। এবার প্রতিরোধ গড়েতোলা হবে। জনগণের মৃদু ঝাঁকুনিতেই নড়বড়ে এ সরকার ভেঙ্গ পড়বে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, আবু সাঈদ চাঁদ, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





