সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাদের মোল্লা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গিয়েছেন। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ এবং গবেষক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।”

জামায়াতে ইসলামীর আমীর বলেন, “নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। কলম সৈনিক হিসেবে তিনি লেখনীর নাধ্যমে মানুষের বিবেকবোধ জাগ্রত করার চেষ্টা করেছেন। সরকার তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। তিনি ন্যায়বিচার পাননি।”

ডা. শফিকুর রহমান বলেন, “আব্দুল কাদের মোল্লা তার ফাঁসি কার্যকরের আগে বলে গিয়েছেন, ‘সরকার আমাকে অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছে। আমার শরীরের প্রতি ফোটা রক্ত এ দেশের ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের ইসলামী আন্দোলনে অনুপ্রাণিত করবে।’ দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে তার রক্তের বদলা নেয়ার জন্য তিনি ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে গিয়েছেন।”

জামায়াতে ইসলামীর আমীর বলেন, “ইসলামী আন্দোলনে তার অবদানের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার শাহাদাত কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। তার পরিবারবর্গকে ধৈর্য ধারণ এবং আল্লাহর কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি। একই সাথে তিনি যে ইসলামী সমাজ গড়ার স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতের সকল জনশক্তি, সুধী, সমর্থক ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি

এমবি