বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সর্বনাশা পথ ছাড়ুন, না হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সর্বনাশা সংঘাতের পথ ছেড়ে আসুন, সর্বনাশা সন্ত্রাসের পথ ছেড়ে, জঙ্গিবাদের পথ পরিহার করে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসুন। না হলে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, রাজনীতিকে কিভাবে অস্থিশীল করা যায় সে প্রয়াস অব্যাহত রেখেছে বিএনপি। আদালতে গিয়ে খালেদা জিয়া আতঙ্ক ছড়িয়ে দেশে সন্ত্রাস, সংঘাত ও সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছে। সংঘাত ও সহিংসতার রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক আন্দোলন ফিরে আসেন, নয়তো এর পরিণতি হবে ভয়াবহ।
বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি প্রমাণ করুন আপনি এতিমের টাকা আত্মসাৎ করেনি, বরং এতিমকে টাকা দিয়েছেন। আদালতে গিয়ে বিচারের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবো। আর যদি প্রমাণ হয় আপনি দোষী সেই ব্যবস্থা আদালতই নিবে। আদালতে গিয়ে সহিংসতা চালাবেন এবং আদালতকে অবজ্ঞা করবেন তা গণতান্ত্রিক নেতা হিসাবে কাম্য নয়।
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, গাজীপুরের সভা একেবারে প্রশাসিনিক বিষয়। এটা আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন কি ব্যবস্থা নিবে এটা তাদের এখতিয়ার। আর একদিন আগে পরে সভা করলে কিছু যায় আসে না।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলোচনা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচান সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সহ সম্পাদক জাকির আহমেদ, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।
এমআর, জেএ





