নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, “সিটি করপোরেশন নির্বাচনে যে এত কম ভোট পড়লো, এর কারণ কী? ভোটাররা আমাদের প্রার্থীদের জানিয়েছেন, ভোট দিয়ে লাভ কী? ফলাফল তো আসে না।”
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এই কথা বলেন।
ঢাকার দুই সিটি করপোরেশনে সদ্য অনুষ্ঠিত নির্বাচন বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে এ সভার আয়োজন করা হয়।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, “সরকারের দেওয়া হিসাবের পরিপ্রেক্ষিতে যদি গড় করা হয়, তাহলে হয়তো ২৭ শতাংশ ভোট পড়েছে। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন হবে, তার জন্য দেশে কোনও আইন নেই। ভোট কম পড়েছে বলে যদিও দাবি করা হয়, কিন্তু ভোট বাতিলের ক্ষেত্রে তারা (নির্বাচন কমিশন) হাইকোর্ট দেখাবেন। তবে এ নির্বাচনে যদি দুই পারসেন্ট ভোটও পড়তো, তাহলেও আওয়ামী লীগই জিততো। কারণ, মানুষ আগে থেকেই বুঝেছে যে, ২০১৮ সালের নির্বাচনের মতো তারা জিতবে। ভোটের ওপর মানুষের আস্থা নেই। এজন্য মানুষ ভোট দিতে আসেনি। এভাবে গত ১১ বছরে সারাদেশে নির্বাচনি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে।”
তিনি বলেন, “সরকার একে একে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। মানুষ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। সিটি করপোরেশন নির্বাচনে যে এত কম ভোট পড়লো, এর কারণ কী? ভোটাররা আমাদের প্রার্থীদের জানিয়েছেন, ভোট দিয়ে লাভ কী? ফলাফল তো আসে না।”
মাহমুদুর রহমান মান্না বলেন, “২০১৮ সালে যে কাজ করা হয়েছে, সেই কাজের মাধ্যমে মানুষ বুঝেছে- এই দেশে মানুষের ভোট দেবার অধিকার আর নাই। জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি করা হয়েছে। এই কাজ করে সারাবিশ্বে নিন্দিত হয়েছে সরকার। এবার ভোট ডাকাতির করার জন্য তারা নতুন মেশিন বের করেছে, যেখানে তাদের গুণ্ডামি করতে না হয়, পুলিশের ছলনা করতে না হয়।”
আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, কৃষক দল নেতা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কেএম রকিবুল হাসান রিপন, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমবি





